》বিফোর দ্যা গেইম《
মেয়েটি যখন বুঝতে পারলো এটিই একমাত্র পথ। নয়তো সে এই অবস্থা থেকে আর মুক্তি পাওয়া সম্ভব না, ঠিক তখনই সে তার প্লান গোছাতে শুরু করে। তার এই গোপন ক্ষমতাটির ব্যাপারে এখন এই একটি মানুষই জানে। যদিও তার ক্ষমতা ঠিক কতটুকু সেটা জানে না, তবে এইটুকু বুঝতে লোকটির খুব বেশি সময় লাগবে না। আর যখন সবাই জানবে তখন তাকে জানোয়ারের মত করে ধরে নিয়ে যাওয়া হবে। বন্দী করা হবে কোন এক ল্যাবে। ব্যবচ্ছেদ করে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। আর সেই অবস্থা এড়ানোর জন্যে যা করার তা এখুনিই করতে হবে।
এক দিনের মাথাতেই প্লান সাজিয়ে তা এক্সিকিউট করে মেয়েটি। কোন ব্যাক-ট্রেস না রেখেই ঠাণ্ডা মাথায় লোকটিকে খুন করে। এমন যে কিছু ঘটতে পারে কিংবা ঘটবে তা বিন্দু মাত্র ধারণা করতে পারে নি লোকটি। তার জন্যেও ব্যাপারটি ছিলো একদম কল্পনাতীত। এরপর খুব সাবধানে, চতুরতার সাথে পালায় হোটেল থেকে...
》 প্রাইমারি স্টেজ 《
কল্পনার এই সময়টাতে টাকা পয়সার খুব টানাটানি চলছে। অবশ্য এমন টানাটানি তার কাছে নতুন কিছু না। আশ্রম ছাড়ার পর থেকেই তাকে এই টানাটানি চালিয়ে আসতে হয়েছে। একটা সময় ভাগ্যকে দারুণ ভাবে দোষারোপ করত সে, কিন্তু এখন আর তেমন কোন অভিযোগ নেই তার এই ভাগ্য নিয়ে। বরং সে যে এই বয়সে অন্য সবার চেয়ে পূর্ণমাত্রায় স্বনির্ভর এই ব্যাপারটাই তার মনে সুপ্ত একটা প্রশান্তি দেয়। তার বয়সী যে সব মেয়ে গুলোর সাথে সখ্যতা হয়েছে, যাদের রয়েছে একটা করে শেকড়ের পরিচয়, তাদের বেশির ভাগই এখনো সেই শেকড়ের আড়ালেই বড় হচ্ছে। আর সেই শেকড়ের সাথে তাদেরও অনেক অনেক বেশি সীমাবদ্ধতা রয়েছে। চাইলেই তারা হুট করে একটা সিদ্ধান্তে পৌছতে পারে না। কিংবা পছন্দের কোন একটা ব্যাপারকে হুট করে কল্পনার মত করে উচ্ছ্বাসে প্রকাশ করতে পারে না। সব চক্ষুর আড়ালেও তাদের কোথায় যেন একটা বাধা পড়ে থাকে। আর এই ব্যাপারটাই কল্পনা নিজের সাথে তুলনা করে প্রশান্তি লাভ করে।
কিন্তু এই খরচের শহরে নিজের পড়ালেখার পাশাপাশি কেবল দু'তিনটে টিউশনি করে পড়ালেখা আর একটু আয়েশে থাকা-খাওয়ার খরচটা মেটানো একদমই সহজ কিছু না। তাই টিউশনির পাশাপাশি আরও কোন একটা উপায়ে কিছু টাকা কিভাবে উপার্জন করা যায় তাই নিয়ে ভাবছিল কল্পনা। পেপারে কিছু চাকরির এ্যাডও দেখছে সে, কিন্তু সময় আর চাকরির ধরন মিলিয়ে কোনটাই এক হচ্ছিলো না।
ঠিক এমন একটা সময়েই হঠাৎই ক্যাম্পাসে একদিন একটা সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কয়েকজন সুট টাই পড়া লোক চমৎকার ভাবে তাদের লেকচারের মাধ্যমে সবাইকে জ্ঞান দিতে লাগলো যে আধুনিক বিজ্ঞান ঠিক কতটা এগিয়ে গিয়েছে। নানা ধরণের মেডিসিন তারা প্রতিনিয়ত আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী ৩০ বছর পর হয়তো প্রতিটা রোগ আর রোগের কারণে যে শোকের পরিবেশ তৈরি হয় তার অনেকটাই তারা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। যন্ত্র হয়ে উঠবে মানুষের বন্ধু। সেখানে মানুষকে আর কষ্টের কাজগুলো নিজের ঘাড়ে তুলে নিতে হবে না। তখন তাদের এই কাজগুলো ভার স্বেচ্ছায় তাদের যন্ত্রবন্ধু নিজ কাধে তুলে নিবে। একই সাথে সেমিনারে উপস্থিত শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানালো, তারাও যেন তাদের এই গবেষণা আর আবিষ্কারের সাথে নিজেদের নিযুক্ত করে।
গবেষণার কিছু কাজে তাদের কিছু ভলান্টিয়ার এ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, চাইলে ছাত্র-ছাত্রীগন তাদের গবেষণায় ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে পারে। অবশ্য ভলান্টিয়ার হলেও এর বিপরীতে তারা তাদের একটা সম্মানী প্রদান করবে। কিন্তু শর্ত হল নির্দিষ্ট সময়ে তাদের দেয়া টাস্ক গুলো পূরণ করতে হবে আর তাদের গবেষণার ব্যাপার গুলো পুরোপুরি গোপন রাখতে হবে। অন্তত যতদিন সেইসব গবেষণা প্রকাশযোগ্য না হয়, ততদিন পর্যন্ত।
কল্পনার কাছে ভলান্টিয়ার হবার এই ব্যাপারটা ভালো লাগলো। একে তো নিজেকে গবেষণার কোন একটা কাজে যুক্ত করতে পারবে, তার উপর এখান থেকে যে অর্থ পাওয়া যাবে সেটা নেহায়েতই কম না। অন্তত তার টানাটানি অবস্থা সামাল দেবার মত অর্থ এতেই যোগাড় হয়ে যাবে। তাই সেমিনার শেষে ভলান্টিয়ার লিস্টে নাম উঠাবার জন্যে লাইনে দাড়িয়ে গেলো। লাইনে দাড়িয়ে আবারও তার স্বাধীনতাটুকু উপভোগ করতে লাগলো। লম্বা লাইনটায় তাকে বাদ দিয়ে আর মাত্র ৩টি মেয়েকে দেখা যাচ্ছে, বাকি সবাই ছেলে। আর সে খুব ভালো করেই জানে এই যে তিনটি মেয়েকে লাইনে দেখা যাচ্ছে, খুব বড়জোর মাস খানিক এদের দেখা মিলবে, তারপর হুট করেই এদের সব আগ্রহ ভাটা পড়বে কিংবা কোন জরুরী কাজে এই ভলান্টিয়ারগিরি ছাড়তে হবে।
ভলান্টিয়ার হিসেবে কাজে নিলেও বেশ ঘটা করে তাদের ২ সপ্তা ট্রেনিং দেয়া হল। প্রথম সপ্তাতে তাদের বিভিন্ন কাজের বর্ণনা দিয়ে কে কোন ধরণের কাজে আগ্রহী সেটা বের করা হল। ফিল্ড সাইটে, ডেস্কে, ডেটা রিসার্চ, এনালাইসিস, কিংবা ল্যাব এসিস্ট্যান্ট হিসেবে প্রথমে ভলান্টিয়ারদের আগ্রহ অনুসারে নেয়া হল। কিছু ছোট ছোট টাস্ক দেয়া হলো সবাইকে। এরপর আবার সেই টাস্কের রিপোর্ট অনুসারে বেশ কয়েকজনকে কাজ থেকে বদলি করা হল। পরের সপ্তায় নিজ নিজ ক্ষেত্রের কাজ অনুসারে গ্রুপ করে সবাইকে বিশেষ কিছু কাজ দেখিয়ে দেয়া হল। যেহেতু বৈজ্ঞানিক গবেষণার কাজেই ভলান্টিয়ার হিসেবে সবাই যুক্ত হয়েছে, তাই সবাইকেই ভালোভাবে কাজ গুলো শিখে নিতে হলো। তৃতীয় সপ্তায় সবাইকে সরাসরি কাজের সুযোগ করে দেয়া হলো। আর তারপর সেখান থেকে যাদের কাজ সন্তোষজনক মনে হচ্ছিল বেঁছে বেঁছে শুধুমাত্র তাদেরকেই রাখা হলো। বাকিদের বিদায় জানানো হলো।
প্রায় প্রতিটা স্টেপেই কল্পনা বেশ ভালোভাবেই উৎরে গেলো। যেহেতু ভলান্টিয়ার প্রায় সবাই ছাত্র তাই যার যার সুবিধা মত তাদের কাজের শিফট আলাদা করে দেয়া হলো। কল্পনাকে এখানে সপ্তায় ৫ দিনে মাত্র ৩০ ঘণ্টা সময় দিতে হয়। আর তার বিপরীতে বেশ ভালো একটা এমাউন্ট পাচ্ছে সে। ইচ্ছে করলেই এখন সে টিউশনি দুটো ছেড়ে দিতে পারে, কিন্তু কল্পনা তা করলো না। বরং সময় মিলিয়ে সবকিছু একসাথে চালিয়ে যেতে লাগলো।
প্রায় তিন মাস পর কল্পনার ডেস্কে একটি লেটার আসলো। এটি আরও একটি ঐচ্ছিক টাস্কের ব্যাপারে আমন্ত্রণ পত্র। কল্পনার আগের কাজটি গবেষণার কাজে হলেও সেটি ছিল একটি ডেস্ক টাস্ক। সেখানে তাকে গবেষণার নানা ধরণের ডেটা এনালাইসিস করতে হতো । কিন্তু সরাসরি ল্যাবের কোন ট্যাক্স তার হাতে আসতো না। কিন্তু এখন কল্পনা যে লেটারটি পেয়েছে তাতে যদি সে সম্মত হয় তাহলে সরাসরি ল্যাবে কাজ করার সুযোগ পাবে সে।
প্রথমদিকে ল্যাব ঘুরে ঘুরে কল্পনা যা যা দেখেছিল তাতেই তার ল্যাবে কাজ করার দারুণ আগ্রহ জন্ম নিয়েছিল। কিন্তু তখন নিজের উপর এতটা ভরসা ছিল না বলেই আর ল্যাবের দিকে নিজের আগ্রহটা প্রকাশ করে নি। ডেস্ক টাস্কই বেঁছে নিয়েছিল। কিন্তু এখন যখন সুযোগ নিজেই সামনে এসেছে তখন আর তা উপেক্ষা করতে পারলো না। আরও একটা ব্যাপার হচ্ছে ল্যাব এসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে এখন যে এমাউন্টটা পাচ্ছে সেটিও পরিমানে বৃদ্ধি পাবে। তাই আর দেরি না করে সরাসরি প্রজেক্ট সুপারভাইজারের সাথে যোগাযোগ করলো। এরপর দিন থেকেই সে ল্যাবে এসিস্ট্যান্ট হিসেবে কাজ করা শুরু করলো।
এখানেও শুরুতে প্রথম কয়েকদিন তাকে কাজ দেখিয়ে দেয়া হলো। বরাবরের মত কল্পনা তার টাস্ক গুলো খুব দ্রুতই বুঝে নিলো। কল্পনার কাজের ধারা ল্যাব ডক্টর এডগরের চোখে পড়তে লাগলো। এর আগে যে ল্যাব এসিস্ট্যান্ট ছিল সে প্রায়ই তার কাজে অমনোযোগী হয়ে যেতো। ফলাফলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক কাজই শেষ করা সম্ভব হতো না। এতে ডক্টর এডগরের মেজাজ প্রায়ই চড়ে থাকতো। কিন্তু এখন সে তার সব কাজই খুব মন মত করতে পারছে। পাশাপাশি কল্পনার রেজাল্ট এনালাইসিস করার ধরণও ডক্টর এডগরের দারুণ উপকারে আসছে। অথচ আগে এই এনালাইসিস গুলোতে গড়মিল থাকবার কারণে এই একই এক্সপেরিমেন্ট তাকে কয়েকবার করে করতে হতো।
》স্টেজ টু দ্যা ফিউচার《
কল্পনার কাজের প্রতি ভালোলাগা থেকেই ডক্টর এডগরের কল্পনার প্রতিও ভালোলাগা তৈরি হতে থাকলো। ফলশ্রুতিতে মাস দুয়েক পর ডক্টর এডগর কল্পনাকে তার সাথে ডিনারের নিমন্ত্রণ দিয়ে বসে। যদিও ডিনার, কিন্তু কল্পনারও বুঝতে অসুবিধা হলো না যে আমন্ত্রণটি কেবলই ডিনারের নয়, বরং তার থেকেও বেশি কিছুর ছিলো।
সেবার শীত পেরিয়ে বসন্তের হিমেল হাওয়া ডক্টর এডগর আর কল্পনা দুজনের হৃদয়কে ছুঁয়ে গেলো। ভালোলাগা আর ভালোবাসার মত ব্যাপার গুলো কারও মধ্যেই আর গোপন রইলো না। কাজ আর কাজের বাইরেও তারা একত্রে সময় কাটাতে শুরু করল।
ডক্টর এডগর বেশ জটিল একটা গবেষণার কাজে যুক্ত ছিলেন। গবেষণাটা যেমন জটিল তেমনি ছিলো গুরুত্বপূর্ণ। ল্যাবে টেস্ট সাবজেক্ট গুলোর উপর তারা এর প্রয়োগ করে বেশ পজিটিভ রেসপন্স পাচ্ছিল। তার এই গবেষণার ফলে মানুষের মস্তিষ্কের দারুণ এক উন্নতি ঘটতে চলেছে। নতুন শতকে মানুষ তার অনেক সীমাবদ্ধতাই এর মাধ্যমে ঘুচাতে পারবে। কিন্তু সমস্যা হলো একে সরাসরি মানুষের উপর ব্যবহার করার অনুমতি পাওয়া যাচ্ছিলো না। আবার মানুষের উপর এর ব্যবহার না করে একে প্রকাশও করা সম্ভব ছিলো না।
ততদিনে অবশ্য কল্পনা এই প্রজেক্টের সাথে বেশ ভালোভাবেই জুড়ে গিয়েছিল। সে নিজেও ডক্টরের এই গবেষণাতে অনেক ভাবেই সহায়তা করেছে। নিজে এক্সপেরিমেন্ট করেছে, পর্যবেক্ষণ করেছে, এনালাইজ করেছে, রেজাল্ট নিয়ে পুনরায় এই কাজে কিভাবে এগুনো যায় তা নিয়ে কথা বলেছে ডক্টর এডগরের সাথে। কল্পনার নিজের কিছু যুক্তি আর পরামর্শও এই গবেষণাতে উপস্থিত ছিলো। তাই প্রজেক্টের এই অবস্থায় এসে ডক্টর এডগরের সাথে সাথে সেও হতাশ হয়ে পড়ছিল।
ডক্টরের সাথে সাথে নিজের কাজের প্রকাশ করতে না পারার হতাশা কিংবা কাজ আর ডক্টরের প্রতি ভালোবাসা থেকেই কল্পনা একদিন একটি সিদ্ধান্ত গ্রহণ করে। তার ঐ সিদ্ধান্তের কথা ডক্টর এডগরকে বলতেই সে দারুণ ভাবে চটে যায়। রেজাল্ট যতই পজিটিভ হোক না কেন, ডক্টর এডগর কোনভাবেই তাতে কল্পনার সিদ্ধান্তের সাথে একমত হতে পারে না। কল্পনা চায় সরাসরি নিজের উপর এক্সপেরিমেন্ট করতে। আর এই এক্সপেরিমেন্ট যখন সফল হবে, এর রেজাল্ট যখন সরাসরি দেখানো যাবে তখন নিশ্চই হিউমেন ট্রায়ালের জন্যে আর তাদের অপেক্ষা করতে হবে না।
ডক্টর এডগর কল্পনাকে অনেক ভাবেই বোঝাবার চেষ্টা করলো। এক্সপেরিমেন্টের ফলাফল উল্টোও হতে পারে, তাতে কল্পনার জীবন সংশয়ের ঘটনা ঘটতে পারে এমন সম্ভাবনার কথা বলল। কিন্তু কল্পনা তার অবস্থানেই অনড়। তারপর বলল, হিউমেন ট্রায়ালের জন্যে আরও কিছু সময় তাদের দেয়া উচিৎ, কারণ এখনো হয়তো তাদের এই গবেষণা পুরোপুরি স্টাডি করা হয়নি। হয়তো কোন দিকে কোন ফাঁকফোকর রয়ে গেছে। আর এতে করে যদি পজিটিভ কোন রেজাল্ট না পাওয়া যায় তখন পুরো গবেষণাটাই বাতিল হবার সম্ভাবনা থাকবে। কিন্তু এতেও কল্পনা নিজের অবস্থান হতে নড়লো না। সে খুব ভালো করেই জানে গবেষণার অবস্থা এখন হিউম্যান ট্রায়ালের স্টেটে পৌঁছে গেছে।
শেষ পর্যন্ত যখন কোনভাবেই ডক্টর এডগর কল্পনাকে বোঝাতে সক্ষম হলো না তখন বাধ্য হয়েই তার সিদ্ধান্তে সম্মত হতে হলো। আর তা ছাড়াও ডক্টর এডগরের তেমন কিছু করার ছিলো না। সে জানে কল্পনার এই সিদ্ধান্তে রাজী না হলেও কল্পনা নিজে নিজেই তার নিজের উপর এই এক্সপেরিমেন্ট চালাতে পারবে। আর তাতে কল্পনার খারাপ কিছু হলেও তার দায়ভার সম্পূর্ণরূপে ডক্টর এডগরের উপরই পড়বে। তাই কল্পনার সিদ্ধান্তে সম্মত হয়ে কল্পনাকেই এক্সপেরিমেন্টের জন্যে প্রস্তুত করতে শুরু করলো।
পরের কয়েক সপ্তাহ্ কল্পনার নানা ধরণের টেস্ট করে সময় কাটলো। কল্পনার শরীরে কোন কিছুর ঘাটতি রয়েছে কি না, তার ইমিউনিটি সিস্টেম যথেষ্ট শক্তিশালী কি না, বিশেষ করে তার মস্তিষ্কের অবস্থা খুব নিবিড় ভাবে কয়েক সপ্তা জুড়ে পর্যবেক্ষণ করা হলো। যদিও এর সবই ঘটেছে গবেষণা কেন্দ্রকে না জানিয়েই।
এরপর প্রায় মাস খানিক পর একটা দিনে ডক্টর এডগর আর কল্পনা তাদের সমস্ত কাজ ভালোভাবে গুছিয়ে হিউম্যান ট্রায়ালের জন্যে প্রস্তুত হয়ে উঠে। নির্দিষ্ট দিনে তারা আর সব দিনের মতই কাজ শুরু করলেও তারা তাদের মূল কাজ শুরু করে মোটামুটি ল্যাবের কর্মব্যস্ততা কমে আসার পর। প্রায় সবাই যখন ল্যাব ছেড়ে বের হয়ে আসে তখন তারা তাদের কাজ শুরু করে।
এম্পুলে করে খুব অল্প অল্প পরিমাণে লিকুইড যৌগ কল্পনার ধমনীতে প্রবেশ করাতে থাকে। যদিও এক সাথে পুরো লিকুইড দিয়ে দেয়া সম্ভব না। প্রথম ধাপের এই এক্সপেরিমেন্ট চলে প্রায় চার ঘণ্টা জুড়ে। এরপর আরও ২ ঘণ্টা কল্পনা সেখানে ঘুমিয়েই কাটায়। তবে আশার কথা হলো এতে কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছিলো না।
এভাবে পরপর ৩ দিন কল্পনার শরীরে ঐ লিকুইড প্রবেশ করানো হয়। আর একই সাথে কল্পনাকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। দিনভর এমন পরীক্ষা আর কাজের চাপে বাড়ি ফিরে কল্পনা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। কিন্তু ডক্টর এডগরের চোখে ঘুম আসে না। একে তো এক্সপেরিমেন্টের পর কী হবে সে চিন্তায় সবসময় চিন্তিত থাকে, তার উপর কল্পনার জন্যে তার মন সবসময় ছটফট করতে থাকে। এই মেয়েটির কোন কিছু হলে সে নিজেকে কোন ভাবেই ক্ষমা করতে পারবে না।
》দ্যা হ্যাপেনিং《
এই প্রসেস চলতে চলতে যখন ডক্টর এডগর বুঝতে পারে কল্পনা কোন বিপদের সম্মুখীন না হয়েই খুব দারুণ ভাবে এক্সপেরিমেন্টটি সম্পূর্ণ করেছে তখন তার আর আনন্দ দেখে কে! রেজাল্ট পজিটিভ না নেগেটিভ সেদিকে সে বিন্দুমাত্রও ভ্রুক্ষেপ করে না। বরং কল্পনার প্রতি তার ভালোবাসা প্রকাশে সে কল্পনাকে প্রপোজ করে বসে। কল্পনারও অসম্মতির কিছু ছিলো না। তারা সিদ্ধান্ত নেয় হিউম্যান ট্রায়ালের এই কথা তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে সবাইকে জানানো হবে।
ঐ মাসেই এক ছুটির দিনে খুব ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে কল্পনা আর ডক্টর এডগরের বিয়ে সম্পন্ন হয়। গবেষণা কেন্দ্রের সবাই সেই বিয়েতে উপস্থিত হয়। সবার মুখে একই কথা, কবে যে তাদের এই সম্পর্কটায় এমন দারুণ একটা পরিণয় ঘটবে সেই অপেক্ষাতেই তারা সকলেই মুখিয়ে ছিলো।
হানিমুনে বেশ দারুণ সময় পার করতে শুরু করে দুজনে। নিজেদের ভালোবাসার পরিণয় আর এক্সপেরিমেন্টের প্রোগ্রেসে তারা দুজনেই বেশ আনন্দিত ছিলো। দিনভর কেনাকাটা, ঘুরোঘুরি আর সী-বিচে গিয়ে নিজেদের উচ্ছাস প্রকাশের মধ্য দিয়েই দারুণ কিছু সময় পার করছিল ডক্টর এডগর আর কল্পনা। দিনভর উদ্দ্যাম ঘুরোঘুরি করে চমৎকার সব জায়গায় ডিনার সেড়ে রুমে ফিরেই পরস্পরের ভালোবাসায় মত্ত হতে থাকে দুজনে।
কিন্তু সব আনন্দের গল্প সবসময় জুড়েই আর আনন্দের গল্প থাকে না, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। হঠাৎই একদিন ডক্টর এডগরের লাশ পাওয়া গেলো তাদের হানিমুন সুইটের বিছানাতে। ঘর জুড়ে রক্তের ছোপ ছোপ দাগ, আর এরই মাঝে রক্তে ভাসিয়ে কাউকে টেনে নেয়ার লম্বা একটা এলোমেলো লাইন।
অথচ আশ্চর্যের ব্যাপার হচ্ছে- হোটেল ক্যামেরা, হোটেলের বাইরের সি.সি.টিভি ফুটেজের কোন স্থানেই কোন আক্রমণকারী কিংবা সন্দেহভাজন কাউকে সনাক্ত করা গেলো না। একই সাথে ডক্টর এডগরের স্ত্রী কল্পনাকেও কোথাও খুঁজে পাওয়া গেলো না। হানিমুন সুইট থেকে কল্পনা যেন একদম জাদুবলে শূন্যে মিলিয়ে গেছে।
ওদিকে ডক্টর এডগরের ল্যাবে খোঁজ করতেই সবাই জেনে গেলো ডক্টরের স্ত্রী ও এসিস্ট্যান্ট কল্পনার উপর হিউম্যান ট্রায়ালের ঘটনা। তাদের এই এক্সপেরিমেন্ট যে জটিল এবং গুরুত্বপূর্ণ একটি এক্সপেরিমেন্ট ছিল তা আর আলাদা করে কাউকে বলে দিতে হলো না। স্বভাবতই কেউ না কেউ এই এক্সপেরিমেন্টের ব্যাপারে জেনে গিয়েছিল, কিংবা কোন ভাবে তাদের এক্সপেরিমেন্টের তথ্য লিক হয়েছিল। আর সেই সূত্র ধরেই কেউ ডক্টর এডগর কে খুন করে।
ল্যাব জুড়ে বেশ খোঁজা খুঁজি করে দেখা গেলো বিভিন্ন টেস্ট সাবজেক্টের উপর ট্রায়ালের লগ থাকলেও সেখানে কী পরিমানে লিকুইড ব্যবহার করা হয়েছিল তার কোন উল্লেখ কোন ডকুমেন্টে পাওয়া গেলো না। একই সাথে ডক্টর এডগরের গবেষণা লদ্ধ ঐ লিকুইডের রাসায়নিক হিসেবের কোন ফাইলেরও দেখা মিললো না। ল্যাবে না পেয়ে খুব দ্রুতই ডক্টর এডগর আর কল্পনার এপার্টমেন্টেও তালাস করা হলো। কিন্তু গবেষণার ঐ ফাইল গুলি যেন শ্রেফ গায়েব হয়ে গেছে।
যদিও কল্পনার বডি পাওয়া যায় নি, তারপরও সবাই ধরে নেয় হয় ডক্টর এডগরের মত কল্পনাকেও সেই একই ভাগ্য বরণ করতে হয়েছে অথবা তাকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু বছর খানিক ধরে নানা চেষ্টা চালিয়েও এই কেসের কেউ কোন কূল কিনারা করতে পারে নি। এর মাঝে এই কেস হাত বদল হয়েছে বেশ কয়েকটা ডিপার্টমেন্টে, কিন্তু ফলাফল সবারই শূণ্য। তাই শেষ পর্যন্ত কেসটি অমীমাংসিত অবস্থায় ক্যাবিনেটে ফেলে রাখতে বাধ্য হয় তারা...
》দ্যা গেইম আফ্টার《
ওহ্, এই রূপবতী তরুণীর নাম এ্যানিকা এনি। যদিও বছর তিনেক আগে এই এনিকা এ্যানির নাম কেউ শোনেনি। না কেউ জানে এই এ্যানি ঠিক কোথা থেকে এসে উদয় হয়েছে এখানে! রূপের পাশাপাশি তার রয়েছে দারুণ একটি মস্তিষ্ক। যে মস্তিষ্কটি দিয়ে সে দারুণ সব পাজল নিমিষেই গুড়িয়ে দিতে পারে। প্রোবাবিলিটির খেলায় সঠিক চালটি নির্ণয় করতে তার মোটেই ভুল হয় না। নিমিষেই জটিল কোন প্লান গুছিয়ে নিতে তার মস্তিস্কের জুড়ি মেলা ভার।
রূপবতী এ্যানিকা এনির আরও একটি গুণ হলো সে খুব সহজেই একদম হাওয়ায় মিলিয়ে যেতে পারে। সবার সামনে দিয়ে ঘুরলেও সে থাকে একদম আড়ালে...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন