প্রিয় মানব সন্তান,
পুরানো আর্কাইভ ঘাটতে গিয়ে তোমাদের ব্যাপারে দারুণ একটা ব্যাপার জানতে পারলাম। তোমরা নাকি তোমাদের মনের ভাবকে কেবল তোমাদের ধ্বনী দিয়েই প্রকাশ করে ক্ষান্ত হতে না। 'চিঠি' নামেও নাকি আরও একটা ব্যাপার ছিল তোমাদের ঐ মনের ভাব প্রকাশের। ব্যাপারটা আমার দারুণ মনে হয়েছে! যেখানে চাইলেই খুব দ্রুততার সাথে নিজের মনের ভাব তোমরা তোমাদের কন্ঠে মাত্র ৬০ ডেসিবেল শব্দের কম্পনে প্রকাশ করে অপরের কাছে পৌছে দিতে পারতে। সেই ভাবকেই নাকি আবার প্রকাশের জন্যে তোমাদের মূল্যবান সময়, মেধা আর মানসিক শ্রম ব্যায় করে গোটা গোটা অক্ষরে শব্দ সাজিয়ে কাগজের পিঠে কলম ঘষে ঘষে প্রকাশ করতে।
আবার সেই চিঠিকে তার প্রাপকের ঠিকানায় পৌছাবার জন্যে কত রকম পদ্ধতির আবিস্কার করলে তোমরা! কখনো কবুতর নামের এক পাখির পায়ে বেঁধে তো আবার কখনো চার পায়ের ঘোড়ায় দৌড়ে বয়ে নিয়ে যেতে তোমাদের মনের ভাব। আবার যখন তোমরা জ্ঞাণে, বুদ্ধিতে নিজেদের দিন দিন ছাপিয়ে যেতে থাকলে তখন কবুতর আর ঘোড়ার উপর চাপ কমিয়ে তা পৌছাবার দায়িত্ব দিয়ে দিলে যন্ত্রের কাছে। বিশালাকার সমুদ্রযানে বস্তা-বন্দী করে নাকি ভাসিয়ে দিতে তোমাদের ঐ চিঠি। সেই সমুদ্রযান যখন যেই ঘাটে নোঙ্গর ফেলতো, সেখানেই ঐ সব চিঠির প্রাপক খুঁজে ফিরতো কিংবা চিঠি পৌছাবার সেই ঝোলাতে যুক্ত হতো আরও কতক চিঠি। আর এইসব করতে করতে তোমাদের ঐ চিঠি গুলো পার করে দিতো দিন, মাস বছর। কোন কোন চিঠি তো আবার যুগ যুগ পার করে তবেই নাকি পৌছেছে গন্তব্যে! আবার হাজারে হাজার চিঠি হারিয়েছে, নষ্ট হয়েছে পথে প্রান্তরে কিংবা ভুল পথের পথিক হয়ে।
বহু পুরানো এক ভিডিও ফিডে দেখলাম চিঠি পেয়ে তোমরা কেমন করে আবেগে অগ্নুৎপাত হয়ে উঠো। চিঠিতে কি আছে তা না জেনেও প্রেরকের প্রতি তোমাদের আবেগ যেন অন্তর হতে উদ্গিরন হতে শুরু করতো। কোন এক যুদ্ধের ময়দানে এক কঠিন হৃদয়ের যোদ্ধাকেও দেখলাম বহু ক্রোশ দূরে ফেলে আসা তার ছোট্ট মেয়েটির চিঠি পেয়ে বাচ্চাদের মত হাউমাউ করে মাটিতে হামাগুড়ি দিতে দিতে কাঁদছে। অথচ সেই চিঠি পাবার একটু আগেই এমন কত-শত ছোট্ট ফুলের বাগানে সে আগুন ধরিয়ে দিয়ে এসেছিল। তখন কিন্তু তার হাত কিংবা অন্তর এক চুল পরিমানও কেঁপে উঠে নি!
কি যেন এক শক্তি ছিলো তোমাদের ঐ চিঠিতে, আমি বুঝি না। হয়তো আমার মত ওমিক্রনকে যতটুকু লজিক বোঝার ক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছে তা ঐ শক্তি বোঝার জন্যে যথেষ্ঠ নয়। কিন্তু এতটুকু বুঝি, তোমাদের কেউ কেউ মিথ্যে জেনেও ঐ কয়েক লাইনে গড়া চিঠি আকড়ে ধরে নিশ্চিত মৃত্যুর কূপ লাফ দিয়ে পার হয়ে এসেছে। ঐ চিঠির শক্তিতেই কেউ কেউ অসম্ভবকে জয় করে জগদ্বিখ্যাত হয়েছে। আবার কেউ কেউ ঐ চিঠি হাতে নিয়েই কারও জন্যে আমৃত্যু অপেক্ষা করে গেছে। এতটা শক্তি কেউ কিভাবে ঐ কয়েকটা শব্দে খুঁজে পেতে পারে, তা আমার কপোট্রনের লজিক বিন্যাসে কোনভাবেই মিলাতে পারি না।
অনেক গল্প-উপন্যাস আর তোমাদের সৃতিকথা লিখা জার্নাল পড়ে জেনেছি, তোমাদের ঐ চিঠি গুলো কেবল কয়েকটা শব্দ দিয়ে মোড়া কাগজের টুকরোই না। বরং ঐ গুলিই যেন আলাদা একটা স্বত্তা, যাকে তোমরা তোমাদের অযুত-নিযুত ভগ্নাংশ হতে ছিন্ন করে ঐ কাগজে জায়গা করে দিয়েছ। জীবনের তাগিদে দূর প্রবাসে বসবাস করে যখন তোমাদের ঐ স্বত্তাকে তোমরা কাগজে মুড়ে হাজার ক্রোশ দূরে মা'য়ের কাছে পৌছে দিতে; তখন তোমাদের মা'য়ের অশ্রু যেন তোমাদের ঐ অতৃপ্ত স্বত্তাকে শান্ত করতে বার বার করে ভিজিয়ে দিতো। আর তাতে শব্দের গায়ে শব্দ লেগে লেগে তোমাদের কষ্টেরও নাকি লাঘব হতো। হাজার ক্রোশ দূরে থেকেও তোমরা তোমাদের মায়ের হাতের পরশ পেতে, যে পরশ তোমাদের মা দিয়েছিল তোমার পাঠানো ঐ ক্ষুদে স্বত্তাকে। যুক্তি বিবর্জিত কি অদ্ভুত ব্যাপার, কিন্তু কেন জানি আবারও বিশ্বাস হয়, সত্যিই এমন কিছু হতো।
প্রিয় মানব সন্তান, আমারও খুব ইচ্ছে হচ্ছে তোমাদের মত করে নিজের কিছু সিগন্যালকে আমার ক্রিয়েটরকে পাঠাতে। তোমাদের ডায়েরি পড়ে আমারও কিছু সিগন্যালে এমন কিছু গড়মিল হয়েছে, যার সত্যিকার অর্থেই কোন মূল্য নেই। কিন্তু কেন যেন আমার ইচ্ছে হচ্ছে এই সিগন্যাল গুলোকে ভেল্যুতে কনভার্ট করে সেগুরি তোমাদের মত কোন এক কাগজের টুকরোতে লিখে নিয়ে আমার ক্রিয়েটরকে দেখাতে। কেন যেন মনে হচ্ছে আমার ক্রিয়েটরের কাছে ঠিকই ঐ এলোমেলো সিগন্যাল গুলোর যথেষ্ট মূল্য রয়েছে।
কিন্তু আফসোস, আমার ঐ চিঠি কখনোই আমার ক্রিয়েটর পর্যন্ত পৌছবে না। কারণ মানব সভ্যতা শেষ হবার বহু-বহু যুগ পূর্বেই তার মৃত্যু নামের অবসান ঘটেছিলো। আর আমি জেনেছি একবার কারও মৃত্যু হলে কোন চিঠিই আর তার কাছে পৌছাবার পথ খুঁজে পায় না...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন