স্পয়লার সতর্কতা: আগেই বলে রাখি, এই লেখায় সিনেমার গল্পের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও শেষ অংশের আলোচনা রয়েছে। তাই সিনেমাটি এখনো না দেখে থাকলে, আগে দেখে নিয়ে তারপর রিভিউটি পড়তে পারেন।
কিছু সিনেমা আছে, যেগুলো দেখার সময় মনে হয়, গল্পের পর্দায় অন্য কারও জীবন দেখছি। আবার কিছু সিনেমা দেখতে দেখতে কখন যে নিজের জীবনের পুরোনো স্মৃতি, হারিয়ে যাওয়া মানুষ কিংবা ফেলে আসা সম্পর্কগুলোর কথা মনে পড়ে যায়, তা টেরই পাওয়া যায় না। ২০২৪ সালে মুক্তি পাওয়া Meiyazhagan ঠিক তেমনই একটি সিনেমা। এটি শুধু দুজন মানুষের পুনর্মিলনের গল্প নয়। এটি কৃতজ্ঞতা, ভালোবাসা, স্মৃতি, শেকড় আর মানুষের প্রতি মানুষের নিঃস্বার্থ টানের এক অসাধারণ গল্প।
সিনেমার শুরুতেই দেখি, ছোট্ট আরুলমোঝি ভার্মানকে তার বাবা-মায়ের সঙ্গে নিজেদের পৈতৃক বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। পারিবারিক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধের জেরে বাড়িটি হাতছাড়া হয়ে যায়। ছোট্ট আরুলের কাছে এটি শুধু একটি বাড়ি ছেড়ে যাওয়া নয়, বরং তার শৈশব, পরিচিত পরিবেশ আর অসংখ্য স্মৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। পরিবারের সবাই নতুন জীবনের উদ্দেশ্যে মাদ্রাজের পথে রওনা হয়। কিন্তু আরুলের মন পড়ে থাকে সেই বাড়িতে, সেই উঠোনে, সেই চেনা পরিবেশে। বাড়ি ছেড়ে যাওয়ার এই কষ্ট তার মনে এমনভাবে গেঁথে যায় যে পরবর্তী ২২ বছর সে আর নিজের জন্মশহর তাঞ্জাভুরে ফিরে যায় না।
সময় গড়িয়ে ২০১৮ সাল। আরুল এখন পরিণত বয়সের একজন মানুষ। স্ত্রী, সন্তান আর নিজের সংসার নিয়ে চেন্নাইয়ে বসবাস করছে। হঠাৎ একদিন ছোটবেলার এক চাচাতো বোনের বিয়ের দাওয়াত আসে। অনেকটা অনিচ্ছা নিয়েই তাকে ফিরতে হয় সেই শহরে, যে শহরের সঙ্গে তার রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি। বিয়েতে যাওয়ার পথে ট্রেনের জানালা দিয়ে পরিচিত শহরটিকে দেখতে দেখতে তার মনে পুরোনো দিনের স্মৃতিগুলো ফিরে আসতে থাকে। একসময় সে নিজের ফেলে আসা পৈতৃক বাড়িটিও দেখতে যায়। বাড়িটির সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখে তখন যেন একসঙ্গে ভিড় করে আসে শৈশব, অভিমান আর হারিয়ে যাওয়া দিনগুলোর স্মৃতি।
বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর পর আরুলের সঙ্গে দেখা হয় অনেক পুরোনো আত্মীয়স্বজনের। কেউ তাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে, কেউ পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এত মানুষের ভিড়ের মধ্যেই একজনের উপস্থিতি আলাদা করে নজর কাড়ে। লোকটি আরুলকে দেখেই ভীষণ আনন্দিত হয়ে ওঠে। তার মুখে সারাক্ষণ হাসি। কথায় কথায় আরুলকে 'আথান' বলে সম্বোধন করে। অথচ আরুল কিছুতেই লোকটিকে চিনতে পারে না। লোকটি তাকে কত পুরোনো স্মৃতির কথা মনে করিয়ে দিতে চায়, কত গল্প করে, কত আপন করে কাছে টানতে চায়। কিন্তু আরুলের স্মৃতিতে তার কোনো পরিচয়ই স্পষ্ট হয়ে ওঠে না।
প্রথমদিকে লোকটির অতিরিক্ত আন্তরিকতা আরুলের কাছে কিছুটা বিরক্তিকর মনে হয়। সে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। এমনকি নিজের ফোন নম্বরের পরিবর্তে ভুল নম্বরও দিয়ে দেয়। কিন্তু লোকটি যেন এসবের কিছুই গায়ে মাখে না। তার কাছে আরুলের সঙ্গে দেখা হওয়াটাই অনেক বড় আনন্দ। সে নিজের মতো করে আরুলের খোঁজখবর নিতে থাকে, তার স্ত্রী হেমার সঙ্গেও কথা বলে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আরুল কিংবা তার স্ত্রী কেউই লোকটিকে সরাসরি তার নাম জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারে না। অস্বস্তিকর অথচ বেশ পরিচিত এক সামাজিক পরিস্থিতি। আমরা অনেক সময় এমন মানুষের মুখোমুখি হই, যাদের চিনতে পারি না, অথচ ভদ্রতার খাতিরে কিছুতেই সেটা স্বীকার করতে পারি না।
বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর আরুলের ইচ্ছা ছিল যত দ্রুত সম্ভব ফিরে যাওয়ার। কিন্তু সেই অচেনা আত্মীয় নানা কৌশলে তাকে আটকে রাখে। একসময় আরুলের থাকার ব্যবস্থা করার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেয়। শেষ পর্যন্ত তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানেই পরিচয় হয় তার স্ত্রী নন্দিনীর সঙ্গে। আরুলকে পেয়ে দুজনের আনন্দ দেখে বোঝার উপায় নেই যে তারা কত বছর পর দেখা করছে। অথচ আরুল তখনো জানে না, এই মানুষটি তার জীবনের কত বড় একটি অংশ জুড়ে আছে।
এরপরের দৃশ্যগুলো আমার কাছে সিনেমার সবচেয়ে উপভোগ্য অংশগুলোর একটি। বাড়ির পেছনে গিয়ে লোকটি তার প্রিয় ষাঁড়ের সঙ্গে আরুলের পরিচয় করিয়ে দেয়। ষাঁড়টিকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে। তার কাছে সেটি শুধু একটি পশু নয়, পরিবারেরই একজন সদস্য। এমনকি বিষধর সাপেও তার বিশেষ ভয় নেই। তার সরলতা, প্রাণবন্ত আচরণ আর প্রতিটি প্রাণের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হতে হয়। এই মানুষটির কাছে জীবন যেন প্রতিটি ছোটখাটো বিষয় নিয়েই আনন্দ করার নাম।
এরপর আসে সেই সাইকেলের দৃশ্য। দৃশ্যটি আমার কাছে ভীষণ আবেগের। আরুলের ছোটবেলার একটি সাইকেল, যেটি সে বহু বছর আগে ফেলে এসেছিল, সেটি এখনো যত্ন করে রেখে দিয়েছে লোকটি। সাইকেলটি দেখে আরুল যেমন অবাক হয়, তেমনি দর্শক হিসেবেও আমার মনে হয়েছে, একটি সাধারণ সাইকেল কত অসাধারণ স্মৃতির বাহক হয়ে উঠতে পারে! লোকটি জানায়, তার বাবা এই সাইকেল ব্যবহার করে শাড়ির ব্যবসা করতেন। একসময় এই সাইকেলই তাদের পরিবারের জীবিকার অন্যতম অবলম্বন ছিল। আরুলের দেওয়া সাইকেলটি শুধু তাদের যাতায়াতের সুবিধাই করেনি, বরং তাদের পরিবারের জীবনযাত্রা বদলে দিয়েছিল। সেই সাইকেলকে তারা এতটাই সম্মান করে যে পরিবারের কাছে এটি প্রায় দেবতার মতোই মূল্যবান।
একটি সাইকেল কীভাবে একটি পরিবারের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, সিনেমাটি সেই বিষয়টি কত সুন্দরভাবে তুলে ধরেছে! আরুল হয়তো সাইকেলটি দেওয়ার সময় বিষয়টিকে খুব সাধারণ একটি ঘটনা হিসেবেই দেখেছিল। কিন্তু অন্য একটি পরিবারের কাছে সেটিই হয়ে উঠেছিল বেঁচে থাকার অবলম্বন, স্বপ্ন পূরণের হাতিয়ার এবং কৃতজ্ঞতার এক অমূল্য স্মারক। মানুষকে সাহায্য করার সময় আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না, আমাদের সামান্য একটি কাজ অন্য কারও জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।
এরপর দুজনকে দেখা যায় একসঙ্গে সময় কাটাতে। বাঁধের পাশে নানা বিষয়ে কথা বলে তারা। গল্পের ফাঁকে লোকটি আরুলকে জানায়, তার স্ত্রী নন্দিনী সন্তানসম্ভবা। তাদের ঘরে নতুন অতিথি আসছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে তার সন্তানের নাম রাখতে চায় 'আরুলমোঝি'। অর্থাৎ, যে মানুষটি তার জীবনের এত বড় একটি অংশ, যার দেওয়া একটি সাইকেল তাদের পরিবারকে নতুনভাবে দাঁড়াতে সাহায্য করেছে, সেই মানুষটির নামই সে নিজের সন্তানের নাম হিসেবে রাখতে চায়।
এই দৃশ্যটি আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। কৃতজ্ঞতা প্রকাশের কত রকম ভাষা হতে পারে! কেউ হয়তো মুখে ধন্যবাদ বলে, কেউ উপহার দেয়। কিন্তু একজন মানুষ তার জীবনের সবচেয়ে সুন্দর একটি স্মৃতিকে নিজের সন্তানের নামের সঙ্গে জড়িয়ে রাখতে চায়। এর চেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশের আর কী হতে পারে? আরুলের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা কতটা গভীর, তা এই একটি সিদ্ধান্তেই বোঝা যায়।
সিনেমার আরেকটি দারুণ দিক হলো, লোকটির নিজের জীবনেও অনেক কিছু আছে। তার সংসার আছে, ভালোবাসার স্ত্রী আছে, প্রিয় ষাঁড় আছে, নিজের একটি পরিচয় আছে। তবুও আরুলের সামনে সে নিজেকে কখনো বড় করে তুলে ধরে না। বরং সব সময় এমনভাবে আচরণ করে, যেন আরুল তার চেয়ে অনেক বড় কেউ। নিজের সামর্থ্য, অবস্থান কিংবা অর্জন নিয়ে তার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। উল্টো আরুলের প্রতি তার শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের কোনো সুযোগই সে হাতছাড়া করতে চায় না। আমার কাছে এই ব্যাপারটি অসাধারণ লেগেছে। কারণ প্রকৃত কৃতজ্ঞতা মানুষকে কখনো ছোট করে না। বরং নিজের অহংকারটুকু সরিয়ে রেখে অন্য একজন মানুষকে সম্মানিত করার মানসিকতা তৈরি করে।
রাতের দিকে দুজনের কথাবার্তা আরও গভীর হয়। দীর্ঘ আলাপের মধ্যেই সে আরুলকে একটি অনুরোধ করে। অতীতের পারিবারিক বিরোধ ভুলে যেতে বলে। যারা তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে অন্যায় করেছিল, তাদের ক্ষমা করে দিতে বলে। তার এই কথার মধ্যে কোনো স্বার্থ নেই। বরং সে চায়, আরুল যেন দীর্ঘদিনের অভিমান আর কষ্ট থেকে মুক্তি পায়।
কিন্তু এই পুরো রাতের সবচেয়ে কষ্টের বিষয়টি হলো, লোকটি যার জন্য এত কিছু করছে, সেই মানুষটিই তার নাম জানে না! লোকটি হয়তো সব বুঝতে পারছে, কিন্তু কিছুতেই আরুলকে বিব্রত করতে চায় না। সে শুধু চায়, আরুল একবার তার নাম ধরে ডাকুক। নিজের পরিচয়টুকু যেন তার প্রিয় মানুষটির মুখ থেকে শুনতে পায়। অথচ আরুল কিছুতেই তা পারে না।
একসময় লোকটি ঘুমাতে যায়। অন্যদিকে আরুলের মনে ঝড় বয়ে যায়, সে কিছুতেই লোকটির নাম মনে করতে পারে না। তার বাড়ির নানা জিনিষের মাঝেও তার নামের খোঁজ করতে গিয়ে বিফল হয়। অবশেষে ভোর হওয়ার আগেই নিজের বিবেকের দংশনে কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। তার ভেতরে তখন এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছে। যে মানুষটি তাকে এত ভালোবাসা দিয়েছে, এত যত্ন করেছে, তার নামটুকুও সে মনে করতে পারছে না। এই অনুভূতিটা দর্শক হিসেবেও বেশ ভারী লাগে। কখনো কখনো কাউকে চিনতে না পারার চেয়েও বেশি কষ্ট হয়, যখন বুঝতে পারি মানুষটি আমাদের কতটা আপন ভেবেছে, অথচ আমরা তার পরিচয়টুকুও মনে রাখতে পারিনি।
চেন্নাইয়ে ফিরে এসে আরুলের মন কিছুতেই শান্ত হয় না। স্ত্রী হেমার কাছে সে পুরো রাতের অভিজ্ঞতা খুলে বলে। লোকটির কথা বলতে গিয়ে তার কণ্ঠে একধরনের মুগ্ধতা ও অপরাধবোধ কাজ করে। সে বুঝতে পারে, এতটা নিঃস্বার্থভাবে কেউ তাকে ভালোবাসতে পারে, অথচ সে সেই মানুষটিকে চিনতেই পারেনি! তার মনে বারবার একটি প্রশ্ন ফিরে আসে, মানুষটি আসলে কে?
এরই মধ্যে আরুল নিজের একটি বাড়ি কেনার পরিকল্পনা করে। কিন্তু প্রয়োজনীয় অর্থের কিছুটা ঘাটতি থেকে যায়। ঠিক তখনই সেই অচেনা আত্মীয়ের সঙ্গে আবার যোগাযোগ হয়। আরুলের প্রয়োজনের কথা শুনে লোকটি এক মুহূর্তও দেরি না করে বাকি ২৫ লাখ রুপি দেওয়ার প্রস্তাব দেয়। কোনো শর্ত নেই, কোনো হিসাব নেই, কোনো প্রতিদানের প্রত্যাশা নেই। যেন আরুলের প্রয়োজন মেটানোই তার নিজের দায়িত্ব।
এই জায়গাটিতে এসে আমার মনে হয়েছে, কৃতজ্ঞতা আসলে কতটা গভীর অনুভূতি হতে পারে! মানুষ যখন কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে কিংবা কারও কাছে কৃতজ্ঞ থাকে, তখন শুধু ধন্যবাদ জানিয়ে দায়িত্ব শেষ করতে পারে না। প্রয়োজনে নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতেও দ্বিধা করে না। অথচ আরুলের সঙ্গে তার সম্পর্কের কোনো দৈনন্দিন যোগাযোগ ছিল না। ২২ বছর ধরে দেখা নেই, নিয়মিত কথাবার্তা নেই। তবুও মানুষের প্রতি মানুষের টান যে সময়ের হিসাব মানে না, লোকটির প্রতিটি আচরণে সেটিই স্পষ্ট হয়ে ওঠে।
আরুল একসময় সাহস করে তাকে জিজ্ঞেস করে, সে আসলে কে? প্রশ্নটি শুনে ওপাশের মানুষটি ভেঙে পড়ে। এতক্ষণ যে মানুষটি হাসিমুখে কথা বলে যাচ্ছিল, সেই মানুষটির চোখে এবার জমে ওঠে জল। তার কষ্টটা খুব স্বাভাবিক। যে মানুষটিকে সে এত বছর ধরে মনে রেখেছে, যার ছোট্ট একটি উপকারকে সে পরিবারের ইতিহাসের অংশ করে রেখেছে, সেই মানুষটি তাকে চিনতেই পারছে না! তবুও সে সরাসরি নিজের পরিচয় জানায় না। বরং ছোটবেলার কিছু স্মৃতির সূত্র ধরে আরুলকে মনে করিয়ে দিতে থাকে।
একসময় আরুলের স্মৃতির দরজা খুলে যায়। সে মনে করতে পারে ছোটবেলার সেই ছেলেটিকে, যাকে আদর করে 'পটেটো' বা 'উরুলাই' বলে ডাকত। মুহূর্তের মধ্যে বহু বছর আগের স্মৃতিগুলো ফিরে আসে। আরুল বুঝতে পারে, এতক্ষণ যে মানুষটি তাকে ঘিরে রেখেছিল, যে মানুষটি তার পুরোনো সাইকেলটিকে অমূল্য সম্পদ হিসেবে আগলে রেখেছে, যে নিজের সন্তানের নাম তার নামে রাখতে চায়, সে আর কেউ নয়। সে তার সেই ছোটবেলার আপনজন, মেইয়াঝাগন।
এরপরের দৃশ্যটির জন্য পুরো সিনেমা যেন এতক্ষণ ধরে দর্শককে প্রস্তুত করেছে। আরুল আর ফোনে কথা বাড়ায় না। সে ছুটে যায় সেই মানুষটির কাছে। পথে মন্দিরে থামে, বিশেষ প্রার্থনার ব্যবস্থা করে। তারপর পৌঁছে যায় মেইয়াঝাগনের বাড়িতে। দরজায় কড়া নাড়ে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। আরুল বুঝতে পারে, এবার তাকে শুধু দরজা খুলতে বললে হবে না। যে নামটি এতক্ষণ ধরে সে মনে করতে পারেনি, সেই নামটি তাকে নিজের মুখে উচ্চারণ করতে হবে।
অবশেষে সে ডাক দেয়, 'মেইয়াঝাগন!'
দরজা খুলে যায়। এতক্ষণ যে মানুষটি অপেক্ষা করছিল, সে হাসিমুখে সামনে এসে দাঁড়ায়। দুজনের চোখে তখন আনন্দ, অভিমান আর দীর্ঘদিনের জমে থাকা আবেগ। এই একটি নাম উচ্চারণের মধ্যে যেন ২২ বছরের দূরত্ব মুছে যায়। রক্তের সম্পর্কের চেয়েও গভীর যে আত্মিক সম্পর্ক, তার সবচেয়ে সুন্দর প্রকাশ ঘটে এই মুহূর্তে।
সিনেমাটি শেষ হওয়ার পর আমার মনে হয়েছে, আমরা জীবনে কত মানুষের কাছ থেকে কত কিছু পাই, অথচ সব সময় তার মূল্য বুঝতে পারি না। কারও একটি ছোট্ট সাহায্য, একটি আন্তরিক আচরণ কিংবা বিপদের দিনে পাশে দাঁড়ানো আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। অথচ সেই মানুষটির কথা হয়তো আমরা সময়ের সঙ্গে ভুলে যাই। কিন্তু মেইয়াঝাগনের মতো কিছু মানুষ থাকে, যারা একটি উপকারকে শুধু মনে রাখে না, বরং সারা জীবন সেটিকে ভালোবাসা আর কৃতজ্ঞতার সঙ্গে আগলে রাখে।
Meiyazhagan আমার কাছে এমন একটি সিনেমা, যা দেখার জন্য খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। শুধু একটু সময় নিয়ে বসতে হবে। ধীরে ধীরে গল্পের ভেতরে প্রবেশ করতে হবে। এখানে খুব বেশি নাটকীয়তা নেই, নেই প্রচলিত অর্থে কোনো বড় সংঘাত কিংবা চমকে দেওয়ার মতো ঘটনা। আছে মানুষের প্রতি মানুষের মায়া, পুরোনো দিনের স্মৃতি, সম্পর্কের টানাপোড়েন আর নিঃস্বার্থ ভালোবাসার কিছু অসাধারণ মুহূর্ত।
কার্তি ও অরবিন্দ স্বামীর অভিনয় সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে কার্তির হাসিমুখ, সরল অভিব্যক্তি আর প্রতিটি কথায় আরুলের প্রতি ভালোবাসা প্রকাশের ধরন ভীষণ উপভোগ্য। অন্যদিকে অরবিন্দ স্বামীর অভিনয়ে আরুলের অস্বস্তি, বিরক্তি, বিস্ময়, অপরাধবোধ ও আবেগের পরিবর্তনগুলো খুব স্বাভাবিকভাবে ফুটে উঠেছে। দুজনের রসায়ন এতটাই সুন্দর যে তাদের একসঙ্গে বসে গল্প করার দৃশ্যগুলোও আলাদা করে মনে রাখার মতো।
পরিচালক সি. প্রেম কুমার এখানে আমাদের মনে করিয়ে দিয়েছেন, সব সুন্দর গল্পে বড় কোনো ঘটনা ঘটতে হয় না। কখনো কখনো একটি পুরোনো সাইকেল, একটি নাম কিংবা বহু বছর পর কারও মুখে শোনা একটি আন্তরিক ডাকই যথেষ্ট। সংগীত ও আবহসংগীতও গল্পের আবেগকে সুন্দরভাবে এগিয়ে নিয়েছে। সব মিলিয়ে সিনেমাটি যেন জীবনের খুব পরিচিত অথচ প্রায় ভুলে যাওয়া কিছু অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।
আমার কাছে Meiyazhagan শুধু একটি সিনেমা নয়, এটি মানুষের প্রতি কৃতজ্ঞ থাকার একটি সুন্দর শিক্ষা। এটি মনে করিয়ে দেয়, আপন হতে হলে সব সময় রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না। কখনো কখনো একজন মানুষ আরেকজন মানুষের জীবনে এমনভাবে জায়গা করে নেয়, যেখানে আত্মীয়তার প্রচলিত সংজ্ঞাগুলোও ছোট হয়ে যায়।
সিনেমাটি দেখার পর হয়তো আপনারও মনে পড়বে এমন কোনো মানুষের কথা, যিনি একসময় আপনার জন্য সামান্য কিছু করেছিলেন, অথচ আপনার জীবনে তার প্রভাব ছিল অনেক বড়। হয়তো অনেক দিন তার সঙ্গে কথা হয় না। হয়তো কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু মনের ভেতরে মানুষটির জন্য একটা জায়গা ঠিকই রয়ে গেছে।
আমার মনে হয়, এমন সিনেমা আমাদের জীবনে খুব বেশি আসে না। যে সিনেমা শেষ হওয়ার পর শুধু গল্পের কথা মনে পড়ে না, বরং নিজের জীবনের মানুষগুলোর কথাও নতুন করে ভাবতে ইচ্ছে করে, সেই সিনেমাই আসলে মনে দাগ কাটে।
Meiyazhagan তেমনই একটি সিনেমা। সময় করে দেখে ফেলুন। সম্ভব হলে পরিবারের কাউকে পাশে নিয়ে দেখুন। শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে ইচ্ছে করবে। আর হয়তো মনে মনে কাউকে একবার তার নাম ধরে ডাকতে ইচ্ছে হবে।
⠀⠀
⠀⠀
⠀⠀
⠀⠀
⠀⠀


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন